সৃষ্টিকর্তার প্রশংসা ও কৃতজ্ঞতা (#8398)

সকল প্রশংসা তোমারই, হে আমার প্রভু, তুমিই সকল গৌরব ও মহিমা, শ্রেষ্ঠত্ব ও সন্মান, একাধিপত্য ও রাজত্ব, মহত্ত্ব ও কৃপা, ভীতি ও শক্তির পবিত্র মুল উৎস। যাহাকে তুমি ইচ্ছা কর তাহাকে তুমি পরম মহান সমুদ্রের নিকট আকৃষ্ট কর এবং যাহাকে ইচ্ছা কর, তোমার পরম সনাতন নামের পরিচয় বহন করার গৌরব তাহার উপর তুমি অর্পণ কর। স্বর্গে ও মর্তে যাহারা আছে, তাহাদের কেহই তোমার মহাপরাক্রমশালী ইচ্ছাশক্তির কর্মফল প্রতিরোধ করিতে সক্ষম নহে। অনন্তকাল  হইতে তুমিই সমুদয় সৃষ্ট জগৎ শাসন করিয়াছ এবং তুমিই চিরকাল সমুদয় সৃষ্ট জগতের উপর তোমার একাধিপত্য পরিচালনা করিতে থাকিবে। তুমি ঈশ্বর ব্যাতীত অন্য কোন উপাস্য নাই, তুমি সর্বশক্তিমান,পরম মহিমান্বিত,সর্বক্ষমাশীল,সর্ব-বিজ্ঞ।

-Bahá'u'lláh
-----------------------

সৃষ্টিকর্তার প্রশংসা ও কৃতজ্ঞতা (#8399)

তোমার পবিত্র নাম মহিমান্বিত হউক, হে পরম প্রভু আমার ঈশ্বর। তুমি তিনিই যাহাকে সকলেই উপাসনা করে এবং যিনি কাহারও উপাসনা করেন না, যিনি সকলেরই প্রভু এবং কাহারও অধীনস্থ ভৃত্য নহেন, যিনি সকলকেই জানেন এবং যাঁহাকে কেহই জানে না। তুমি ইচ্ছা করিয়াছিলে লোকের নিকট নিজেকে পরিচিত করিতেঃ সুতরাং তুমি, তোমার মুখের একটি বাক্যের মধ্য দিয়া, সৃষ্টিকে সত্তায় আনয়ন করিয়াছিলে এবং বিশ্বজগৎকে গঠিত করিয়াছিলে। তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই। তুমি গঠনকারী, তুমি সৃষ্টিকর্তা, তুমি সর্বশক্তিমান, পরম ক্ষমতাশালী।
		আমি তোমার নিকট মিনতি পুর্বক প্রার্থনা করিতেছি-তোমার ইচ্ছার দিকমন্ডলের উপর যে বাক্য উজ্জ্বলভাবে প্রকাশিত হইয়াছে, তাহারই মাধ্যমে যেন তুমি আমাকে সেই জীবন্ত স্রোতস্বতীর সলিল প্রচুর পরিমাণে পান করিতে সক্ষম কর যাহা দ্বারা তুমি তোমার মনোনীত জনগণের অন্তর পুনরুজ্জীবিত করিয়াছ এবং যাহারা তোমাকে ভালবাসে তাহাদের আত্মাগুলিকে জীবিত করিয়াছ, যেন আমি, সকল সময় ও সর্ব অবস্থায়, তোমারই দিকে সম্পুর্ণরূপে আমার মুখ ফিরাইতে পারি।
তুমি প্রভু, শক্তি, প্রভা ও দয়ার একমাত্র অধিকারী। তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তুমি সর্বোচ্চ অধিপতি, সর্বপ্রভাময়, সর্বজ্ঞ।

-Bahá'u'lláh
-----------------------

সৃষ্টিকর্তার প্রশংসা ও কৃতজ্ঞতা (#8400)

তুমি গৌরবান্বিত হে পরম প্রভু আমার ঈশ্বর! আমি তোমাকে ধন্যবাদ  জ্ঞাপন করিতেছি, কেননা তুমি তোমার নিজেরই প্রকাশকে চিনিয়া লইতে আমাকে সক্ষম করিয়াছ এবং আমাকে তোমার শত্রুগণ হইতে পৃথক করিয়াছ এবং তোমার দিবস সমূহে তাহাদের অপকার্যসমূহ ও অসৎ কর্মসমূহ আমার চক্ষের সম্মুখে মেলিয়া ধরিয়াছ এবং তাহাদের প্রতি সকল প্রকার আসক্তি হইতে আমাকে মুক্ত করিয়াছ এবং সম্পূর্ণরূপে তোমার অনুকম্পা ও বদান্য অনুগ্রহসমূহের দিকে আমার মুখ ফিরাইয়াছ। তোমাকে আরও ধন্যবাদ দিতেছি, কেননা তুমি তোমার ইচ্ছার মেঘমালা হইতে আমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছ, তাহা আমাকে অবিশ্বাসীদের ইঙ্গিতসমূহ অবিশ্বাসীদের পরোক্ষ উক্তিসমূহ হইতে এইরূপ পবিত্র করিয়াছ যে, আমি তোমারই উপর আমার অন্তর সুদৃঢ়ভাবে ন্যস্ত করিয়াছি এবং যাহারা তোমার আননের আলোক অস্বীকার করিয়াছে তাহাদের নিকট হইতে পলায়ন করিয়াছি, যেহেতু তুমি আমাকে তোমার প্রেমে স্থির সঙ্কল্প হইতে এবং তোমার প্রশংসা করিতে ও তোমার গুণাবলীর উচ্চ প্রশংসা করিতে শক্তি দান করিয়াছ এবং তুমি আমাকে তোমার করুণার পান পাত্র হইতে পান করিতে দিয়াছ, যাহা সর্ব দৃশ্য ও অদৃশ্য বস্তুকে অতিক্রম করিয়াছে।
	তুমি সর্ব শক্তিমান, পরম মহিমান্বিত, সর্ব গৌরবময়, সর্ব প্রেমময়।

-Bahá'u'lláh
-----------------------

